01923-772433

[email protected]

আমঝোল সীমান্তে ভারতীয় বাঘের আক্রমণে আহত ৩

Save
Link Copied!
আমঝোল সীমান্তে ভারতীয় বাঘের আক্রমণে আহত ৩

আবুহাসান আকাশ, হাতীবান্ধা লালমনিরহাট:

​লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতের অভ্যন্তর থেকে আসা একটি বাঘের আকস্মিক আক্রমণে তিনজন গুরুতর আহত হয়েছেন। এ সময় প্রাণীটির আক্রমণে একটি ছাগলও মারা গেছে। রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার আমঝোল সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- হাতীবান্ধা উপজেলার আমঝোল গ্রামের শহিদার রহমানের স্ত্রী শরিফা বেগম (৩০), মৃত মনির হোসেনের ছেলে আফসার হোসেন (৪০) এবং একই এলাকার নজরুল ইসলাম (পিতার নাম জানা যায়নি)।

​স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শরিফা বেগম ধানখেতে তাঁর ছাগল খুঁজতে গিয়ে সেখানে বন্যপ্রাণীটিকে দেখতে পান। এ সময় ছাগলের কাছে যাওয়ার পর প্রাণীটি তাঁর ওপর চড়াও হয়ে আক্রমণ চালায়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রাণীটির আক্রমণে আরও দুজন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

​হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-মেডিকেল কমিউনিটি অফিসার মামুন রহমান জানান, "আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"

​ঘটনার সত্যতা নিশ্চিত করে গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বিরুল হক মনা বলেন, "বন্যপ্রাণীর আক্রমণে তিনজন আহত হয়েছেন। খবর পেয়ে বন বিভাগের প্রতিনিধিদল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।"

​এদিকে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, "আমঝোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্ত পার হয়ে একটি বাঘ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া যায়। বর্তমানে ১৫ বিজিবির অধিনায়কসহ একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণীটির সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করা যায়নি।"

​এই আকস্মিক ঘটনায় সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!