01923-772433

info@desherkhabor24.com

কালকিনিতে বোমা বিস্ফোরণে আহত ৫ শিক্ষার্থী, আটক ৪

Save
Link Copied!
কালকিনিতে বোমা বিস্ফোরণে আহত ৫ শিক্ষার্থী, আটক ৪

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে লাল টেপে প্যাঁচানো বলসদৃশ একটি বস্তু বিস্ফোরণে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার সকালে মাদ্রাসার লাগোয়া একটি বাড়ির বারান্দায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মাদ্রাসার ৪ শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য মাদারীপুর সদর থানায় নেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসা ও পাশের বসতবাড়িটি পাশাপাশি। ওই বাড়ির বারান্দায় মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিদিন নাশতা করত। শুক্রবার শিক্ষার্থীরা সেখানে লাল টেপে প্যাঁচানো বল আকৃতির একটি বস্তু দেখতে পায়। শনিবার সকালে শিক্ষার্থীরা সেটি নাড়াচাড়া করার একপর্যায়ে বিস্ফোরণ ঘটে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়।

আহতদের মধ্যে মাদ্রাসার শিক্ষার্থী আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯) রয়েছে। অপর আহত শিক্ষার্থীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত একজনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছি। শিক্ষার্থীরা জানিয়েছেন, লাল টেপ প্যাঁচানো বলসদৃশ একটি বস্তু তারা গতকালও দেখেছিল। সেই বস্তুটি আজকে নাড়াচাড়া করার একপর্যায়ে বিস্ফোরিত হয়। এতে কেঁপে ওঠে এলাকা, আহত হয় শিক্ষার্থীরা। বিষয়টি আমরা খতিয়ে দেখব। তদন্ত চলমান রয়েছে।”

মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, খোঁজখবর নিয়ে এবং মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, মাদ্রাসার লাগোয়া একটি বাড়ির বারান্দায় শিক্ষার্থীরা প্রতিদিন নাশতা করত। সেখানেই শুক্রবার তারা লাল টেপে প্যাঁচানো একটি বড় বলসদৃশ বস্তু দেখতে পায়।

তিনি বলেন, শনিবার সকালে শিক্ষার্থীরা ওই বস্তুটি নাড়াচাড়া করার একপর্যায়ে সেটি বিস্ফোরিত হয়। এতে শিক্ষার্থীরা আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, “বোমাসদৃশ বস্তুটি বসতঘরের সামনে বা বারান্দায় কীভাবে এলো, সেটি আমরা তদন্ত করে দেখছি। কাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটানো হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে বোমাটি মাদ্রাসার পাশের বাড়িতে এলো, কে বা কারা সেখানে রেখে গেছে তদন্তের মাধ্যমে তা বের করার চেষ্টা চলছে।”

তিনি জানান, ঘটনার পর পুলিশ ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসা থেকে দুইজন এবং পাশের বসতবাড়ি থেকে দুইজনসহ মোট চারজনকে আটক করা হয়েছে।

বসতবাড়ির মালিক ইমন সরদার বলেন, “আমার ঘরের সামনে কীভাবে বোমাটি বিস্ফোরিত হলো, তা আমি জানি না।”

মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান বলেন, “মাদ্রাসার পাশে হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে।”

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!