মশিউর কাজী শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলায় একটি কওমি মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে সাত বছর বয়সী এক ছাত্রকে বলাৎকার করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ভুক্তভোগী শিশুটি একই মাদ্রাসার ছাত্র। ছাত্রের গ্রামের বাড়ি মাদ্রাসা সংলগ্ন খলিফা কান্দি। অভিযুক্ত শিক্ষক মাওলানা মোস্তাকের বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলায়, ১মাস ধরে উক্ত মাদ্রাসায় চাকরিতে যোগদান করেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শিবচরের কুতুবপুর দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানায়।
পরিবার সূত্রে জানা যায়, শিশুটি নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে শিশুটি কান্নাজড়িত কণ্ঠে জানায়, মাদ্রাসার ওই শিক্ষক তাকে বলাৎকার করেছে।
ঘটনার বিষয়টি জানাজানি হলে রোববার রাতে শিশুটির পরিবার অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তিনি অভিযোগ স্বীকার করেন বলে দাবি করেছে পরিবার। এরপর ক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসা ঘেরাও করে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই দেয় এবং পরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে স্থানীয়দের দাবি, দ্রুত অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং মাদ্রাসায় শিশুদের নিরাপত্তা জোরদার করতে হবে।
এদিকে শিবচর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।