ভার্সিটি প্রতিনিধি:
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক আলোচনা সভা আজ ১০ আগস্ট ২০২৬ সোমবার স্কুল চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামিল উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইসরাফিল প্রাং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জুলাই গণ-অভ্যুত্থান উদযাপন কমিটির আহ্বায়ক মো. ইমরান কবির স্বাগত বক্তব্য দেন। সহকারী অধ্যাপক তাহেরা ইয়াসমিন, মো. সাইফুল ইসলাম আকন এবং প্রভাষক মোমিনুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে সমাজ থেকে সকল বৈষম্য দূর করতে হবে এবং ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে হবে। স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধে সতর্ক থাকার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধভিত্তিক একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের উপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়া, রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।