ঢাবি প্রতিনিধি:
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি সেকশনের পাবলিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক মি. স্কট হার্টম্যানের নেতৃত্বে ৬-সদস্যের একটি প্রতিনিধিদল আজ ২৩ আগস্ট ২০২৬ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন - একই দূতাবাসের মি. জেমস এ. স্টুয়ার্ট, রায়হানা সুলতানা, ফারোহা সোহরাওয়ার্দী, মো. ইকবাল মাহমুদ এবং এ. কিউ. এম. মুশফিক হাসান।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা রোযানা রশীদ উপস্থিত ছিলেন।
বৈঠকে তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দিবস উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহযোগিতায় আগামী ১৭ সেপ্টেম্বর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে একটি অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আলোচনা করেন। মার্কিন বিশেষজ্ঞদের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও পাবলিক লেকচার আয়োজনের বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাংবিধানিক আইনের উপর যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণ এবং ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম চালুর সম্ভাবনা নিয়েও তাঁরা আলোচনা করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুঘল আমলের মুসা খান মসজিদ পুনরুদ্ধার ও সংরক্ষণ প্রকল্প গ্রহণের জন্য ঢাকাস্থ মার্কিন দূতাবাসকে ধন্যবাদ জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঐতিহ্য সংরক্ষণে আরও প্রকল্প গ্রহণে তিনি মার্কিন প্রতিনিধিদলের সহযোগিতা কামনা করেন।