ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় ওষুধ প্রযুক্তি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আ ব ম ফারুক যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ আগস্ট ২০২৬ স্থানীয় সময় রাত ৮:০৭টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা-সহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ওষুধ প্রযুক্তি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আ ব ম ফারুক-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে উপাচার্য বলেন, তিনি একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। জনস্বাস্থ্য, ফার্মাসিউটিক্যাল সায়েন্স ও খাদ্য নিরাপত্তা বিষয়ক গবেষণায় বিশেষ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত অধ্যাপক আ ব ম ফারুক-এর মরদেহ আজ ১৬ আগস্ট দুপুর ১২:০০টায় ওষুধ প্রযুক্তি বিভাগে আনা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।