মশিউর রহমান কাজী: শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলার অন্যতম বিদ্যাপীঠ সন্ন্যাসীরচর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাশের অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়টির মোট ২৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবং ২৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। এই গৌরবময় ফলাফলের খবর ছড়িয়ে পড়ার পর বিদ্যালয় প্রাঙ্গণসহ পুরো সন্ন্যাসীরচর এলাকায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
সোমবার (১০ আগষ্ট) সকাল ১০ টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, কঠোর শৃঙ্খলা, নিয়মিত শ্রেণি মূল্যায়ন এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের কারণে এবার কোনো শিক্ষার্থীই অকৃতকার্য হয়নি। পাশের হার অত্যন্ত ভালো মানদণ্ড বজায় রেখে উত্তীর্ণ হয়েছে।
ফলাফল প্রকাশের পর বিদ্যালয়ের মাঠে জড়ো হওয়া কৃতী শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে। একে অপরকে মিষ্টি খাইয়ে তারা এই সাফল্য উদযাপন করে। সেই সাথে শিক্ষকদের মাঝেও ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা একে অপরকে মিষ্টিমুখ করান।
সহকারী শিক্ষক আহসাব হাবিব জানান, আমাদের সন্ন্যাসীরচর উচ্চ বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। আমি দীর্ঘ ১১ বছর যাবত এই বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ইংরেজি) হিসেবে কর্মরত আছি।বিদ্যালয়টি প্রত্যেক বছরই বরাবরের মতো ভালো ফলাফল করে থাকে। আমি বিদ্যালয়টির ভবিষ্যৎ উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, "আমাদের বিদ্যালয়ের এই গৌরবোজ্জ্বল অর্জন বিষয় ভিত্তিক শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। পরিচালনা পর্ষদের সঠিক দিকনির্দেশনা ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আজ আমরা শতভাগ পাসের মাইলফলক স্পর্শ করতে পেরেছি। আমরা ভবিষ্যতেও এই ধারা বজায় রাখতে বদ্ধপরিকর।
শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক বলেন-সন্ন্যাসীরচর উচ্চ বিদ্যালয়ের এই চমৎকার ফলাফলে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।তিনি আরো বলেন, গ্রামীণ জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এই বিদ্যালয়টি আগামী দিনেও উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য রোল মডেল হিসেবে কাজ করবে।
স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা মনে করছেন, সন্ন্যাসীরচর উচ্চ বিদ্যালয়ের এই ধারাবাহিক সাফল্য ধরে রাখতে পারলে আগামীতে এই অঞ্চলের শিক্ষার সার্বিক মান আরও অনেক দূর এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সন্ন্যাসীরচর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এইচ.এম. ইবনে মিজান বলেন, শতভাগের পাশের খবর শুনে আমি খুবই আনন্দিত। এজন্য, সকাল সকাল বিদ্যালয় পরিদর্শনে চলে আসলাম।বিদ্যালয়টি নদীমাতৃক এলাকায় হওয়া সত্ত্বেও শিক্ষক, অভিভাবক সকলের ডেডিকেশননের জন্য শতভাগ পাশের রেকর্ড করেছে।আমি শুভ কামনা করছি,ভবিষ্যতে সন্ন্যাসীরচর উচ্চ বিদ্যালয়ের এই ধারাবাহিক সাফল্য ধরে রাখতে পারলে আগামীতে এই অঞ্চলের শিক্ষার সার্বিক মান আরও অনেক দূর এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।