মোঃ রাশেদুল আলম রুপক, নাটোর প্রতিনিধিঃ
বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আনার মাধ্যমে দেশে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। তিনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান যে ইতিবাচক রাজনীতির বার্তা সারাদেশে ছড়িয়ে দিতে চান, দলের একজন কর্মী হিসেবে তিনিও সেই রাজনীতির সঙ্গে থেকে কাজ করতে চান।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় নাটোরের লালপুর উপজেলার শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বক্তব্যে ফারজানা শারমিন পুতুল বলেন, রাজনীতিতে আসা কিংবা মন্ত্রী-সংসদ সদস্য হওয়ার বিষয়ে তাঁর বাবা কী চেয়েছিলেন, তা তিনি নিশ্চিতভাবে জানেন না। তবে বাবার মৃত্যুর পর এলাকায় যে নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছিল, সেটি পূরণের দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন।
তিনি আরও বলেন, সেই দায়িত্ববোধ থেকেই ভবিষ্যতে লালপুর-বাগাতিপাড়াসহ নাটোরের মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ তাঁকে যেভাবে আপনজন ও সন্তানের মতো স্নেহ-ভালোবাসা দিয়েছেন, ভবিষ্যতেও তাঁদের সেই সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তিনি।
স্মরণসভায় নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, সাবেক সিনিয়র সহসভাপতি রুহুল আমিন তালুকদার টগর, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুন-অর-রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।