01923-772433

[email protected]

মাদারীপুরে এনসিপির সদস্য সচিবের ওপর হামলার ঘটনায় বিচার দাবি

Save
Link Copied!
মাদারীপুরে এনসিপির সদস্য সচিবের ওপর হামলার ঘটনায় বিচার দাবি

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার সদস্য সচিব ইয়াজ্জেম হোসেন রোমানের ওপর হামলা, মারধর ও গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিচার ও দ্রুত মামলা গ্রহণের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাদারীপুর জেলা শাখা।

শনিবার সন্ধ্যায় মাদারীপুর জেলা এনসিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে উল্লেখ করা হামলার ঘটনা তুলে ধরে নেতারা বলেন, রাজনৈতিকভাবে দমন ও ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ইয়াজ্জেম হোসেন রোমানের ওপর হামলা করা হয়েছে। তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাদারীপুর জেলার যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ ও যুগ্ম সদস্য সচিব লায়ন আলমগীর হোসেন। জাতীয় যুবশক্তি মাদারীপুর জেলার আহ্বায়ক রিশাদ (রাব্বি) ও সদস্য সচিব তৌহিদ আমিন এবং জাতীয় ছাত্রশক্তি মাদারীপুর জেলার আরিয়ান সায়েমও উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৮ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে শিবচর উপজেলার মুন্সীর বাজারের কাছে ঢাকা-নাওডোবা জাতীয় মহাসড়কের পাশে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ইয়াজ্জেম হোসেন রোমান। এ ঘটনায় গত ২১ নভেম্বর শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দেন তিনি।

লিখিত অভিযোগে রোমান দাবি করেন, শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা, আওয়ামী লীগ নেতা লিটন চৌধুরীর ভাই তাপু চৌধুরী এবং শিবচর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর ব্যাপারীসহ ২৫-৩০ জন তাকে অতর্কিতভাবে হামলা করেন। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগ অনুযায়ী, তাপু চৌধুরী পিস্তল দিয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তিনি সরে যাওয়ায় গুলি শরীরে লাগেনি। পরে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করেন। স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা বলেন, একজন রাজনৈতিক কর্মীর ওপর হামলার অভিযোগ পাওয়ার পরও দ্রুত মামলা গ্রহণ না করা হলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হবে। তাই অভিযোগটি তদন্ত করে হামলায় জড়িতদের শনাক্ত, অস্ত্র উদ্ধার এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। শিবচর থানার ওসি কামাল হোসেন জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!