01923-772433

[email protected]

মাদারীপুরে স্বর্ণালংকার ছিনিয়ে নিতে বৃদ্ধাকে হত্যা

Save
Link Copied!
মাদারীপুরে স্বর্ণালংকার ছিনিয়ে নিতে বৃদ্ধাকে হত্যা

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে স্বর্ণালংকার ছিনিয়ে নিতে ৬৯ বছর বয়সী এক বৃদ্ধাকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কানের দুল ও নাকফুল ছিনিয়ে নিতে কান ও নাক কেটে ফেলে ছিনতাইকারীরা। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। শুক্রবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

নিহত বৃদ্ধার নাম বেগম বিবি। তিনি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরার মধ্যেরচক গ্রামের মৃত আমজাদ মোল্লার স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে ঢাকায় বসবাস করেন। দীর্ঘদিন ধরে তিনি গ্রামের বাড়িতে একাই থাকতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়িতে রান্না করছিলেন বেগম বিবি। এ সময় কয়েকজন ছিনতাইকারী তাকে একা পেয়ে কানের দুল ও নাকফুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা পাশের একটি গাছের মোটা ডাল দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তার কান ও নাক কেটে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

কিছুক্ষণ পর স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে বৃহস্পতিবার রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ময়নাতদন্তের জন্য বেগম বিবির মরদেহ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে আনা হয়।

নিহতের ছেলে জসিম মোল্লা বলেন, ‘আমার মা বাড়িতে একা থাকতেন। তার সামান্য ছয় আনা স্বর্ণের জন্য ছিনতাইকারীরা নির্মমভাবে হত্যা করল। এই বিচার আমি কার কাছে দেব? কাউকে তো দেখিনি। তারপরও থানায় মামলা করব। পুলিশ যদি অপরাধীদের শনাক্ত করে শাস্তি দিতে পারে, তাহলে আমার পরানটা শান্তি পাবে।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই বৃদ্ধার ওপর হামলা চালানো হয়। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!