ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ৩১তম ব্যাচের নবীনবরণ আজ ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামীর বাংলাদেশ গড়ার মূল কারিগর হিসেবে তাদের প্রস্তুত হতে হবে। একটি সমৃদ্ধ জাতি গঠনে দেশের প্রত্যেকটি নাগরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি। দেশ গঠনে তরুণ প্রজন্মকে সর্বোচ্চ সততার সঙ্গে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, এই প্রজন্ম ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে ফ্যাসিস্টমুক্ত করেছে। দেশের উন্নয়নেও ঐক্যবদ্ধভাবে তাদের কাজ করে যেতে হবে।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জীবনের প্রতিটি ক্ষেত্রে সময়ানুবর্তিতা অনুসরণের জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে।