মশিউর কাজী,শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুর শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ‘হানিফ পরিবহন’ ও ‘পালকি পরিবহন’ এর দুটি যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় বাবা-ছেলেসহ অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২০ জন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের বাখরেকান্দি পুনর্বাসন কেন্দ্রের মাদবরের কান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, পালকি পরিবহনের একটি বাসের চাকা নষ্ট হয়ে যাওয়ায় সেটি এক্সপ্রেসওয়ের পাশে পার্কিং করে মেরামতের কাজ চলছিল। এ সময় বরগুনা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে পেছন থেকে পালকি পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি বাসের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ জানা যায়নি।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুনতাসীর মাহমুদ বলেন,'দুপুরের পর দূর্ঘটনাটি ঘটে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দুইপাশের সংঘর্ষে তিনজন যাত্রী জায়গায় মারা গেছে। নিহতের মরদেহ হাইওয়ে থানায় রয়েছে। পরিবারের লোকজন এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এই দুর্ঘটনার কারণে সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।