মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের ডাসারে সাংবাদিক পরিচয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে উজ্জ্বল মন্ডল নামে এক যুবককে আটক করে স্থানীয়রা। পরে স্থানীয়দের কাছে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে।
আটক উজ্জ্বল মন্ডল কালকিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নয়াকান্দি গ্রামের ঝন্টু মন্ডলের ছেলে। স্থানীয়দের দাবি, তিনি নিজেকে ‘সাপ্তাহিক এশিয়া বার্তা’র সাংবাদিক হিসেবে পরিচয় দেন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, বালিগ্রাম ইউনিয়ন ভূমি কর্মকর্তা মিজানুর রহমান অসুস্থতাজনিত কারণে ছুটিতে থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে কম্পিউটার অপারেটর আব্দুস সালাম দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন।
অভিযোগ রয়েছে, সম্প্রতি উজ্জ্বল মন্ডল ভূমি অফিসে গিয়ে আব্দুস সালামের কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে অফিসে কাজ করতে দেওয়া হবে না বলেও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে।
আব্দুস সালামের দাবি, ভয়ে তিনি প্রথম দফায় উজ্জ্বলকে ১০ হাজার টাকা দেন। পরে বৃহস্পতিবার বাকি ২০ হাজার টাকা নিতে ভূমি অফিসে গেলে স্থানীয়রা তাকে আটক করেন।
আব্দুস সালাম বলেন, সাংবাদিক পরিচয়ে উজ্জ্বল মন্ডল তার কাছে ৩০ হাজার টাকা দাবি করেন এবং টাকা না দিলে তাকে কাজ করতে দেওয়া হবে না বলে ভয়ভীতি দেখান। প্রথমে ১০ হাজার টাকা দেওয়ার পর বাকি ২০ হাজার টাকা নিতে এলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে তিনি মুচলেকা দিয়ে ছাড়া পান।
এদিকে একই ভূমি অফিসের পিয়ন দেলোয়ারের কাছেও তিন মাসের বেতনের সমপরিমাণ টাকা দাবি করার অভিযোগ উঠেছে উজ্জ্বলের বিরুদ্ধে। স্থানীয়দের আরও অভিযোগ, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে তিনি ডাসার ও কালকিনির বিভিন্ন সরকারি দপ্তরে প্রভাব বিস্তার এবং অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন।
স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, উজ্জ্বল মন্ডল ‘সাপ্তাহিক এশিয়া বার্তা’র পাশাপাশি ‘দৈনিক প্রতিচ্ছবি’ ও ‘প্রভাতী বাংলাদেশ’-এর পরিচয়ও ব্যবহার করেছেন। তবে এসব গণমাধ্যমের সঙ্গে তার বর্তমান সম্পর্ক, পরিচয়পত্রের বৈধতা কিংবা চাঁদা দাবির অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে উজ্জ্বল মন্ডলের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘আমার নতুন কার্ড ইস্যু করার জন্য দেওয়া হয়েছে।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে উজ্জ্বল মন্ডলকে কয়েকজন ব্যক্তি শারীরিকভাবে মারধর করতে দেখা যায়। স্থানীয় সূত্রের দাবি, টাকা দাবিকে কেন্দ্র করে তাকে আটকে রেখে মারধর করা হয়।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ বলেন, এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। স্থানীয়দের কাছে মুচলেকা দিয়ে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে। সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে প্রশাসন নজর রাখছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে প্রকৃত সাংবাদিকদের পেশাগত ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।