01923-772433

[email protected]

এনজিও পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

Save
Link Copied!
এনজিও পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়ায় মৃত অজিফা খাতুনের ৪৮ শতাংশ জমি জোরপূর্বক দখল করে ভবন নির্মাণ ও পুকুর খননের অভিযোগ উঠেছে এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলমের বিরুদ্ধে। এ ঘটনায় জমি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। তবে অভিযোগকে মিথ্যা ও রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা দাবি বলে নাকচ করেছেন রফিকুল আলম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নোয়াখালী রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য ইমাম উদ্দিন।
সংবাদ সম্মেলনে বক্তব্যে ইমাম উদ্দিন বলেন, তিনি মৃত অজিফা খাতুনের ছোট মেয়ের জামাতা। তার শাশুড়ির আট মেয়ে, কোনো ছেলে সন্তান নেই। শাশুড়ির মৃত্যুর পর হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চর লক্ষীদিয়া মৌজার ৩৩০, ৩৩১, ৩৩২, ৩৩৩, ১৫৩২, ১৫৩৫, ১৫৩৬, ১৫৩৭ ও ১৫৩৮ নম্বর দাগের ৪৮ শতাংশ জমি দ্বীপ উন্নয়ন সংস্থা জোরপূর্বক দখলে রেখেছে।
অভিযোগ করে তিনি আরও বলেন, ওই জমিতে সংস্থাটির নির্বাহী পরিচালক রফিকুল আলম ভবন নির্মাণ ও পুকুর খনন করেছেন। এতে বাধা দিতে গেলে মামলা-হামলার ভয় দেখানো হয়। ফলে মৃত অজিফা খাতুনের আট মেয়ে তাদের ওয়ারিশি সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জমি উদ্ধারে সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে মৃত অজিফা খাতুনের বড় মেয়ে রিজিয়া বেগম উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম তা নাকচ করে বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা ও হাতিয়ার যুদ্ধকালীন কমান্ডার। এটি সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা অভিযোগ। রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে তারা এ অভিযোগ তুলেছে। তাদের কোনো আপত্তি থাকলে আদালতে মামলা করতে পারে। এ বিষয় নিয়ে হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কয়েকবার বৈঠক করেছেন। সিনিয়র আইনজীবীরাও কাগজপত্র পর্যালোচনা করেছেন। তাদের কাছে জমির মালিকানার কোনো কাগজপত্র নেই।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!