01923-772433

[email protected]

ঢাবি পরিসংখ্যান বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

Save
Link Copied!
ঢাবি পরিসংখ্যান বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান আজ ১০ নভেম্বর ২০২৬ মঙ্গলবার টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফরিদা বেগম। স্বাগত বক্তব্য দেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. কাঞ্চন কুমার সেন। এসময় বিভাগের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ ও মানসিকতা গড়ে তুলতে হবে। নতুন উদ্যোক্তা তৈরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহযোগিতা প্রদান করবে। বর্তমান বিশ্বায়নের প্রতিযোগিতায় নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, জিআইএসসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে।
উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এখানে জ্ঞানার্জন, ব্যক্তিত্ব বিকাশ, নেতৃত্ব তৈরি এবং কর্মজীবনের জন্য নিজেকে প্রস্তুত করার অসংখ্য সুযোগ রয়েছে। এসব সুযোগ কাজে লাগানোর দায়িত্ব শিক্ষার্থীদের নিজেদের। সময়ের যথাযথ ব্যবহার এবং সময়মতো কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জীবনে সফল হতে হলে সময় ও কাজের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রাখলে তা ক্রমেই বড় বোঝা হয়ে দাঁড়ায়। তাই শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে।
উপাচার্য আরও বলেন, শুধু ভালো ফলাফল বা উচ্চ সিজিপিএ অর্জনই প্রকৃত শিক্ষার উদ্দেশ্য নয়; শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, নৈতিকতা, পরমতসহিষ্ণুতা ও অন্যের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলাও অত্যন্ত জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অঞ্চল ও সামাজিক প্রেক্ষাপট থেকে আসা শিক্ষার্থীদের পারস্পরিক ভেদাভেদ ভুলে একে অপরকে বন্ধু ও সহপাঠী হিসেবে গ্রহণ করতে হবে। অন্যের প্রতি সম্মান, সুন্দর আচরণ ও দায়িত্বশীলতার মধ্য দিয়েই একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।

শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিভিন্ন ক্লাব ও সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ কাজে লাগাতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, সৃজনশীলতা ও মানবিক দক্ষতা বিকশিত হবে।

উদ্যোক্তা তৈরির গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয় বরং চাকরিদাতা ও নতুন কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে ওঠার স্বপ্ন দেখতে হবে। নিজের মেধা, যোগ্যতা ও ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে নতুন উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়ন এবং সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!