মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে পুকুরের পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজৈর উপজেলার মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই জমজ শিশু মোল্লাকান্দি গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলছিল তাবাসসুম ও তাহারিয়া। এসময় হঠাৎ পুকুরে পড়ে ডুবে যায় তারা। বাড়ির পাশের লোকজন দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহত জমজ বোনের বাড়িতে গিয়েছিলাম। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।