01923-772433

info@desherkhabor24.com

ঢাকা ইউনিভার্সিটি কুইজ ফেস্ট সমাপ্ত

Save
Link Copied!
ঢাকা ইউনিভার্সিটি কুইজ ফেস্ট সমাপ্ত

ঢাবি প্রতিনিধি:
‘৮ম ঢাকা ইউনিভার্সিটি কুইজ ফেস্ট এন্ড ফ্রেশার্স রিসেপশন’ গতকাল ১৭ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি (ডিইউকিউএস) এই অনুষ্ঠান আয়োজন করে।
ডিইউকিউএস-এর সভাপতি রোদাবা জামান আদৃতার সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ কাজী মাহবুবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির কার্যনির্বাহী সদস্যগণ উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৫টি সেগমেন্টে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। সেগমেন্টগুলো হলো-  ইন্টার-ডিপার্টমেন্ট, ইন্টার-হল, ইন্টার-ক্লাব, সোলো কুইজ এবং নোভিস কুইজ। নোভিস কুইজে শুধু বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীরা অংশ নেয়। বিভিন্ন জোন-ভিত্তিক কুইজ থেকে নির্বাচিত দল নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। মেগা ফরম্যাটে দুটি রাউন্ডে আয়োজিত হয় ইন্টার-ডিপার্টমেন্ট, ইন্টার-হল এবং সোলো কুইজ। ইন্টার-ক্লাব সেগমেন্টে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিত্বকারী কুইজাররা অংশ নেয়। ‘ইন্টার-ডিপার্টমেন্ট’ সেগমেন্টে বিভিন্ন বিভাগ ও অনুষদ থেকে ৭৯টি দল অংশগ্রহণ করে। বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা ইন্টার হল সেগমেন্টে অংশগ্রহণ করে। কুইজমাস্টার হিসেবে সেগমেন্টগুলো পরিচালনা করেন- মো. সিয়াম লাবিব, মো. রিফাত হোসেন, মোহাম্মদ আরিফ, হিমেল হাসান আকাশ, মো. আবির হোসেন, ফাতেহি নূর লিজা, সাব্বির হোসেন কাব্য, মেহের নিগার নাঈমা বিনতে আব্দুল্লাহ এবং শাহ মো. ইয়াসিন জাবেদ।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী মেধার বিকাশ ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠার লক্ষ্যে পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের সর্বদা দেশ ও জনকল্যাণে কাজ করতে হবে।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!