01923-772433

info@desherkhabor24.com

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ঢাবি শিবির সভাপতি মহিউদ্দিন

Save
Link Copied!
ডিনস অ্যাওয়ার্ড পেলেন ঢাবি শিবির সভাপতি মহিউদ্দিন

ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি মো. মহিউদ্দিন খান। লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়েছেন তিনি। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।  
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।
এ বিষয়টি জানিয়ে আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে পোস্ট করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার প্রচার সম্পাদক মেফতাহুল হোসাইন আল মারুফ। তিনি তার পোস্টে লেখেন, অভিনন্দন মো. মহিউদ্দিন খান ভাইকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ডিনস অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে অসাধারণ একাডেমিক ফলাফলের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা।’
এদিকে, ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে একটি উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 
প্রসঙ্গত, মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তিনি অনার্সে ৪.০০-এর মধ্যে ৩.৯৩ সিজিপিএ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম এবং মাস্টার্স প্রথম সেমিস্টারে ৪.০০ আউট অব ৪.০০ অর্জন করেন। তার বাড়ি রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলায়।

 

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!