info@desherkhabor24.com

01923-772433

অতিরিক্ত টোল আদায়ের ভিডিও করায় দুই সাংবাদিকের হামলার শিকার

Save
Link Copied!
অতিরিক্ত টোল আদায়ের ভিডিও করায় দুই সাংবাদিকের হামলার শিকার

‎আবুহাসান(আকাশ), হাতীবান্ধা লালমনিরহাটঃ

‎‎লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া হাটে অতিরিক্ত টোল আদায়ের ভিডিও চিত্র ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সংবাদকর্মী। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আসাদুজ্জামান সাজু বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখত অভিযোগ দিয়েছেন।

‎শুক্রবার বিকেলে উপজেলার অন্যতম বৃহৎ এই পশুর হাটে এ ঘটনা ঘটে। ইজারাদারের লোকজন নির্ধারিত টোলের চেয়ে দুই থেকে তিনগুণ বেশি অর্থ আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।

‎শুক্রবার বিকেলে দইখাওয়া হাটে গিয়ে দেখা যায়, হাট ইজারাদারের পরিচালক ও গোতামারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর ইসলামের নেতৃত্বে অতিরিক্ত টোল আদায়ের মহোৎসব চলছে। সরকারি নির্ধারিত তালিকায় ছাগলের টোল ১১০ টাকা থাকলেও আদায় করা হচ্ছে ৩০০ টাকা। একইভাবে পুরাতন সাইকেলের ১২১ টাকার বিপরীতে ৪০০ টাকা পর্যন্ত আদায় করছেন ইজারাদারের লোকজন। এছাড়া অন্যান্য পণ্যেও কয়েকগুণ বেশি টোল আদায়ের মাধ্যমে সাধারণ ক্রেতা-বিক্রেতাদের ওপর এক প্রকার 'চাঁদাবাজি' চালানো হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

‎অতিরিক্ত টোল আদায়ের এই চিত্র ভিডিও ধারণ করতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিএনপি নেতা নুর ইসলাম ও ওই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমান। এসময় তারা দৈনিক মানবকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজু এবং আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুর রহিমের ওপর চড়াও হন এবং তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। উল্লেখ্য, অভিযুক্ত নুর ইসলাম ইতিপূর্বেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন।

‎হাটে আগত ক্রেতা-বিক্রেতারা অভিযোগ করেন, অতিরিক্ত টোলের নামে এই জুলুম দীর্ঘদিন ধরে চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা দ্রুত এই চাঁদাবাজি বন্ধে স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

‎এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) রমজান আলী জানান, অভিযোগ প্রাপ্তির পর বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!