নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর
বেগমগঞ্জ উপজেরায় দিনব্যাপী মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে পাঁচ
মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার
(৮ জুলাই) উপজেলার কেন্দুরবাগ পশ্চিম খালপাড়, এখলাশপুর কাতালবাড়ি ও
চৌমুহনী চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন
বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ
সাদাত হোসেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও র্যাবের সমন্বয়ে পরিচালিত
টাস্কফোর্স অভিযানে ইয়াবা ও গাঁজা সেবন এবং ক্রয়-বিক্রয়ের মাধ্যমে
জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে ঘটনাস্থলেই পাঁচজনকে দোষী সাব্যস্ত করা হয়। পরে
ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড
প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মীর ইউনিয়নের পশ্চিম খালপাড়
কেন্দুরবাগ এলাকার মৃত আব্দুল গোফরানের ছেলে মো. নিজাম উদ্দিন (৩৬)। তাকে
ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া এখলাশপুর
ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাতালবাড়ি এলাকার মো. জাহাঙ্গীর (৪৬),
সাহাবউদ্দিন (৩০), সালাউদ্দিন (৩৩) ও সাগর হোসেন (২০)-কে প্রত্যেককে ১৫
দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে জাহাঙ্গীরকে এক হাজার টাকা,
সাহাবউদ্দিনকে ৩০০ টাকা এবং সালাউদ্দিন ও সাগর হোসেনকে ২০০ টাকা করে
অর্থদণ্ড করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক
সুব্রত সরকার শুভ জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত
থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে মাদক নির্মূলে নিয়মিত অভিযান
পরিচালনা করা হচ্ছে।