মাহবুব পিয়াল, ফরিদপুর:
বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে বৃহস্পতিবার ফরিদপুরে আলোচনা সভা, গণস্বাক্ষর, সাইকেল র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের হলরুমে কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক-সিটিএন ফরিদপুরের উদ্যোগে ‘আশ্বাস- প্রকল্পের আওতায় উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুরের প্রবীণ এনজিও ব্যক্তিত্ব -ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সি- এফডিএ-এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে আলোচনায় অংশ নেন জেলা কর্মসংস্থান কার্যলয়ের সহকারী পরিচালক ষষ্ঠীপদ রায়, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন, বিএফএফ-এর নির্বাহী পরিচালক আ,ন,ম ফজলুল হাদি সাব্বির, ব্লাস্টের কো-অর্ডিনেটর এ্যডভোকেট শিপ্রা গোস্বামী, নারী উন্নয়ন সংস্থার তানিয়া আক্তার এবং উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর মাজহারুজ্জামান।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানব পাচার একটি আন্তর্জাতিক অপরাধ। এ অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। বিশেষ করে চাকরি বা বিদেশে পাঠানোর প্রলোভনে প্রতারণার শিকার না হতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
পরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা গণস্বাক্ষরের মাধ্যমে মানব পাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একটি সাইকেল র্যালী বের করা হয়। র্যালীটি ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবে স্থানে এসে শেষ হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।