info@desherkhabor24.com

01923-772433

মাদারীপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, শতাধিক বোমা বিস্ফোরণ

Save
Link Copied!
মাদারীপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, শতাধিক বোমা বিস্ফোরণ

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকায় শ্রমিক দল নেতা শাকিল মুন্সি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে শতাধিক ককটেল ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয় এবং উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল মুন্সি হত্যাকাণ্ডের আসামি আক্তার হাওলাদারের সমর্থকদের সঙ্গে মামলার বাদী হাসান মুন্সির সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার ভোররাতে শ্রমিক দল নেতা হান্নান ঢালীর বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটায় আক্তার হাওলাদারের সমর্থকরা। এর পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল প্রায় ১০টার দিকে নতুন মাদারীপুর এলাকায় দুই পক্ষ মুখোমুখি হলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

এক পর্যায়ে উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে, দেশীয় অস্ত্র ব্যবহার করে এবং একের পর এক ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটায়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যৌথ অভিযান পরিচালনা করেন। কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযানকালে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, বাদী ও আসামিপক্ষের সমর্থকদের মধ্যেই এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় নতুন মাদারীপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!