info@desherkhabor24.com

01923-772433

যশোরে তারাবি শেষে বাড়ি ফেরার পথে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

Save
Link Copied!
যশোরে তারাবি শেষে বাড়ি ফেরার পথে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

শাহারুল ইসলাম ফারদিন,যশোর প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলায় তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে আলামিন হোসেন (৩৮) নামে এক গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলামিন হোসেন পজেলার নাভারন এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং নিজ গ্রামসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে তারাবির নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তারা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আলামত সংগ্রহ শুরু করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হাসান জানান, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি দেখছেন। তদন্ত কর্মকর্তা শাহ আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পূর্ব শত্রুতা বা ব্যক্তিগত বিরোধের জের থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!