01923-772433

[email protected]

২৫ মিলিয়ন ঘনফুট নতুন গ্যাসকূপের সন্ধান ভোলায়

Save
Link Copied!
২৫ মিলিয়ন ঘনফুট নতুন গ্যাসকূপের সন্ধান ভোলায়

সাব্বির আলম বাবুঃ 

দক্ষিণাঞ্চলের দ্বীপজেলা ভোলায় নতুন আরও একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ‘ভোলা নর্থ-৩’ নামের এ কূপ থেকে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখা দিয়েছে। প্রাথমিক এ সম্ভাবনা বাস্তবে রূপ নিলে দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় নতুন আশার সৃষ্টি হতে পারে। ১৫ নভেম্বর ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে কূপটির ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়েছে।

বাপেক্স সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের তত্ত্বাবধানে ভোলা নর্থ-৩ কূপের প্রথম ড্রিল স্টেম টেস্ট শুরু করা হয়। কূপটি ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। ১৪ নভেম্বর কূপটির পারফোরেশন কার্যক্রম সম্পন্ন হয়। ডিএসটি শুরুর আগে টেস্ট স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ পরীক্ষার ফলাফলও সন্তোষজনক পাওয়া যায়। প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে দৈনিক প্রায় ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখা গেছে। তবে গ্যাসের প্রকৃত মজুত, চাপ এবং উৎপাদন সক্ষমতা সম্পর্কে চূড়ান্ত তথ্য ড্রিল স্টেম টেস্ট শেষ হওয়ার পর জানা যাবে বলে জানিয়েছে বাপেক্স। উল্লেখ্য, ভোলায় ইতোমধ্যে শাহবাজপুর, ভোলা নর্থ ও ইলিশা নামে তিনটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। নতুন ভোলা নর্থ-৩ কূপটি জেলার দশম গ্যাসকূপ। এ নিয়ে তিনটি গ্যাসক্ষেত্রে মোট কূপের সংখ্যা দাঁড়াল ১০টিতে। বাপেক্সের তথ্য অনুযায়ী, ভোলার নয়টি কূপ থেকে দৈনিক প্রায় ১৮২ মিলিয়ন ঘনফুট গ্যাস ব্যবহারের সক্ষমতা রয়েছে। তবে সে সময় ছয়টি কূপ থেকে দৈনিক প্রায় ৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছিল। পাইপলাইন ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে প্রায় ৪৭ মিলিয়ন ঘনফুট গ্যাস অব্যবহৃত থাকার কথাও জানানো হয়।

এদিকে ভোলার গ্যাস উৎপাদন বাড়াতে ভোলা নর্থ-১, ভোলা নর্থ-২ ও ইলিশা-১ কূপের জন্য অতিরিক্ত গ্যাস প্রক্রিয়াজাতকরণে একটি প্রসেস প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন কূপ খননের মাধ্যমে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, নতুন গ্যাসকূপ আবিষ্কার শুধু গ্যাসের মজুত বাড়ানোর বিষয় নয়, বরং উত্তোলিত গ্যাস দ্রুত ব্যবহার উপযোগী করা এবং জাতীয় গ্রিডে সরবরাহ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এ জন্য প্রয়োজনীয় প্রসেস প্ল্যান্ট, সঞ্চালন পাইপলাইন ও বিতরণ অবকাঠামো গড়ে তোলা জরুরি। ভোলা নর্থ-৩ কূপের পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে জেলার গ্যাসসম্পদে নতুন মাত্রা যুক্ত হবে। একই সঙ্গে দেশের শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন ও অন্যান্য খাতে জ্বালানি সরবরাহ বাড়ানোর সম্ভাবনাও তৈরি হতে পারে। তবে কূপটির প্রকৃত গ্যাসের মজুত ও বাণিজ্যিক উৎপাদন সক্ষমতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ডিএসটির ফলাফলের অপেক্ষা করতে হবে।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!