ঢাবি প্রতিনিধি:
ঢাকা
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ
আলমোজাদ্দেদী আলফেছানী জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার
জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের
দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গতকাল ২৩ জুলাই ২০২৬ বৃহস্পতিবার
সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হলে ‘ফিরে দেখা চব্বিশ: জুলাই
মহাকাব্যের দুই বছর’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ
আহ্বান জানান।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী
রেজার সভাপতিত্বে আলোচনা সভায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড.
মোহাম্মদ তানজীমউদ্দিন খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান
আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সাইফুল্লাহ শুভেচ্ছা বক্তব্য দেন।
ডাকসুর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক জসীমউদ্দিন খান, বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের, বিজয় একাত্তর হল সংসদের ভিপি
হাসান আল বান্না, জিএস আশিক বিল্লাহ-সহ হল সংসদের নেতৃবৃন্দ ও জুলাই
গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। হলের ১০জন
আবাসিক শিক্ষার্থী জুলাইয়ের দিনগুলো নিয়ে স্মৃতিচারণ করেন। সহকারী হাউজ
টিউটর আরেফিন রহমান আলিফ অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রো-ভাইস
চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন,
ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানেও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফ্যাসিবাদ পতনের
মূল কারিগর ছিল। তিনি জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে
বলেন, এই বিজয়ের স্পিরিট এবং গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করেই আগামীর
নতুন বাংলাদেশ গড়তে হবে। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে
বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিবছর ১৪ই জুলাই
ক্যাম্পাসে ‘জুলাই উইমেন্স ডে’ উদযাপন করা হবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ ও লাইব্রেরিতে ‘জুলাই কর্নার’
স্থাপন করা হবে। জুলাই স্মৃতি সংগ্রহশালাটি আরও সমৃদ্ধ করা হবে।
উল্লেখ্য,
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঢাকা
বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ ২৪
জুলাই ২০২৬ শুক্রবার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে দিনব্যাপী নানা কর্মসূচি
পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল ‘শহীদদের কাছে খোলা চিঠি লিখন
প্রতিযোগিতা’, ‘দ্রোহের বিপ্লবের জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা,
‘ফিরে দেখা জুলাই’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা এবং ‘আলোচনা সভা, স্মৃতিচারণ ও
দোয়া মাহফিল’। আজ শুক্রবার রাত ৮টায় হল মিলনায়তনে অনুষ্ঠেয় আলোচনা সভায়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান
অতিথি এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ
আলমোজাদ্দেদী আলফেছানী ও প্রক্টর মো. ইসরাফিল প্রাং বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত থাকবেন। হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবা সুলতানা আলোচনা সভায়
সভাপতিত্ব করবেন।