ঢাবি প্রতিনিধি:
জার্মানির একটি বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং
(এফইএস) বাংলাদেশ-এর আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গ্যার্ডেস আজ ২২ জুলাই
২০২৬ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল
ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় এফইএস-এর
কর্মসূচি উপদেষ্টা সাধন কুমার দাস তাঁর সঙ্গে ছিলেন।
বৈঠকে তাঁরা
শিক্ষা ও গবেষণা সহযোগিতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জার্মানির
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ওপর
গুরুত্বারোপ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং
(এফইএস) জার্মানির মধ্যে জলবায়ু পরিবর্তন, শ্রম অধিকার, সক্ষমতা বৃদ্ধি,
গণতান্ত্রিক নীতি ও মূল্যবোধের ক্ষেত্রে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা
কার্যক্রম গ্রহণের সম্ভাব্যতা নিয়েও তাঁরা আলোচনা করেন।
একটি
জ্ঞানভিত্তিক ও উন্নত সমাজ গঠনের লক্ষ্যে গবেষণা, প্রকাশনা এবং সংলাপের
মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং তা তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার ওপর
তাঁরা গুরুত্বারোপ করেন।
সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের
লক্ষ্যে যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা ও গবেষণাপত্র প্রকাশের ক্ষেত্রে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করার ব্যাপারে এফইএস-এর আবাসিক প্রতিনিধি
আগ্রহ প্রকাশ করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর
আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানান।