01923-772433

info@desherkhabor24.com

ঢাবি এবং চীনের টংজি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Save
Link Copied!
ঢাবি এবং চীনের টংজি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাবি প্রতিনিধি:

শিক্ষা, গবেষণা ও একাডেমিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের টংজি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। আজ ৭ মে ২০২৬ বৃহস্পতিবার উপাচার্যের সভাকক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং টংজি বিশ্ববিদ্যালয়ের পক্ষে আন্তর্জাতিক শিক্ষার্থী অফিসের পরিচালক অধ্যাপক চেন ইলি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিম রেজা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সামসাদ মর্তূজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা রোযানা রশীদ, কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, টংজি বিশ্ববিদ্যালয়ের কলেজ অব কন্টিনিউয়িং এডুকেশনের ডিন অধ্যাপক জিন ফু’আন ও সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাবৃন্দ।

সমঝোতা স্মারক অনুযায়ী, দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তাদের বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা, তথ্য আদান-প্রদান, সেমিনার, সম্মেলন, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনসহ উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা হবে। এছাড়া প্রকাশনা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমেও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ করা হবে।

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং টংজি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিদ্যমান একাডেমিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশ এবং চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সহযোগিতা আমরা গভীরভাবে মূল্যায়ন করি।
তিনি আরও বলেন, আজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং টংজি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে সমঝোতা স্মারক স্বাক্ষর করছি, তা দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে। এর মাধ্যমে যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, উদ্ভাবনী কার্যক্রম, গবেষণা সহযোগিতা এবং বিভিন্ন একাডেমিক কর্মসূচি বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে।

উপাচার্য বলেন, এই অংশীদারিত্ব ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানই উপকৃত হবে।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!