info@desherkhabor24.com

01923-772433

মুন্সী আব্দুল করিম সাহিত্যবিশারদের জন্মবার্ষিকীতে ডাকসুর উদ্যোগে পুঁথিপাঠের আসর

Save
Link Copied!
মুন্সী আব্দুল করিম সাহিত্যবিশারদের জন্মবার্ষিকীতে ডাকসুর উদ্যোগে পুঁথিপাঠের আসর

ঢাবি প্রতিনিধি:
বাংলা সাহিত্যের খ্যাতিমান পুঁথি গবেষক মুন্সী আব্দুল করিম সাহিত্যবিশারদের ১৫৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে এক মনোজ্ঞ ‘পুঁথিপাঠের আসর’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় এ আসর আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পুঁথি পাঠ করেন বিশিষ্ট পুঁথি পাঠক বিন বনি আমিন মুন্না এবং উমামা জাহান মিম। এরপর হাজী মুহম্মদ মুহসিন হল সংসদের সমাজসেবা সম্পাদক মোঃ সাইফুল্লাহ জুলাই অভ্যুত্থানের উপর স্বরচিত পুঁথি পাঠ করেন। মহানবীর জীবনী নিয়ে পুঁথি পাঠ করেন শিশুশিল্পী আহনাফ আদিল শাফী এবং তাসনিম ফারহান মাহির। আসরের প্রধান পুঁথি পাঠক হিসেবে পুঁথি পরিবেশন করেন পুঁথি গায়ক, সঙ্গীত পরিচালক ও শিক্ষক শ্রী পরিমল কুমার মজুমদার।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের আহত যোদ্ধা ইশরাত জাহান ইমু, স্বাগত বক্তব্য রাখেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাদী হাসান এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ।

প্রধান অতিথি এসএম ফরহাদ বলেন, “পুঁথি পাঠ এবং পান্ডুলিপি পাঠোদ্ধারের চর্চাকে পুনরুজ্জীবিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতা এবং এ বঙ্গীয় অঞ্চলের মানুষের সংস্কৃতি পুনরুদ্ধার ও টিকিয়ে রাখতে ডাকসুর এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”

বিশেষ অতিথি মাহাদী হাসান বলেন, “পুঁথিপাঠ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যা বর্তমানে হারিয়ে যেতে বসেছে। ডাকসুর এমন দুর্দান্ত আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়।”

অনুষ্ঠানটি শেষ হয় অংশগ্রহণকারী পুঁথি পাঠকদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!