ঢাবি প্রতিনিধি:
ঢাকা
বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজ্যুয়েট
প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ ৮ জুলাই ২০২৬
বুধবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের
ডেপুটি স্পিকার ও ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার কায়সার
কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয়
চেয়ারম্যান অধ্যাপক ড. আশফাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন
অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সহকারী অধ্যাপক ড. শারমিন জাহান চৌধুরী স্বাগত বক্তব্য দেন। নবীনদের পক্ষে
মো. তাওহীদ হামিদ ও তাসমিহা জামান সুস্মিতা অনুভূতি ব্যক্ত করেন। সহযোগী
অধ্যাপক মিঠুন কুমার সাহা অনুষ্ঠান সঞ্চালন করেন।
অনুষ্ঠানে
খেলাধুলায় বিশেষ কৃতিত্বের জন্য জয় কুমার দাসকে এ্যাথলেটিক রোল অব অনার
দেয়া হয়। এছাড়া, বিভিন্ন ক্যাটাগরিতে সহ-শিক্ষামূলক কার্যক্রমে কৃতিত্বের
জন্য ২৬জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
ডেপুটি স্পিকার
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ইতিহাস বিভাগ শিক্ষার্থীদের ডিগ্রি দেওয়ার
পাশাপাশি সমাজকে চিনতে এবং দেশ গড়ার সংকল্প নিতে শেখায়। তিনি বলেন, এই
বিশ্ববিদ্যালয় গণতন্ত্র রক্ষা ও জাতির সঠিক পথনির্দেশনার প্রধান কেন্দ্র
হিসেবে ভূমিকা পালন করে আসছে। জীবনে বড় হতে হলে শিক্ষার্থীদের
নিয়মানুবর্তিতার সঙ্গে ক্লাসে উপস্থিত থাকতে হবে ও পড়াশোনা করতে হবে। এই
দক্ষতা ও জ্ঞান অর্জনের মাধ্যমেই শিক্ষার্থীরা দেশ ও বিদেশে নিজেদের সফল
হিসেবে গড়ে তুলতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন ।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।