01923-772433

info@desherkhabor24.com

ঢাবি গণিত বিভাগের নবীনবরণ ও সাংস্কৃতিক পরিবেশনা

Save
Link Copied!
ঢাবি গণিত বিভাগের নবীনবরণ ও সাংস্কৃতিক পরিবেশনা

ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের ১০৪তম ও ১০৫তম ব্যাচের নবীনবরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আজ ২০ এপ্রিল ২০২৬ সোমবার এ এফ মুজিবুর রহমান গণিত ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক শাপলা শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম সম্মানিত অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নবীনবরণ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. কুতুব উদ্দিন স্বাগত বক্তব্য দেন। নবীনদের পক্ষে ১০৪তম ব্যাচের নাবিলা বিনতে জামান ও ১০৫তম ব্যাচের শাইখ খান অনুভূতি ব্যক্ত করেন। ৩য় বর্ষের শিক্ষার্থী মো. আবির হাসান, ঋতি রাহা, মো. রাতুল হাসান ও রাইসা নাফিসা তাবাসসুম যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী গণিত বিভাগে ভর্তি হওয়ায় শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, বিশ্বে গণিতের ব্যাপক চাহিদা আছে। তাই শিক্ষার্থীদের মেধা ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করে দক্ষ গণিতবিদ হিসেবে গড়ে উঠতে হবে। পড়ালেখার পাশাপাশি তিনি সহ-শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন উদার ও পরমতসহিষ্ণু মানুষ হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহর-গ্রাম, ধনী, গরীব-সহ সকলের জন্য শিক্ষার সমান সুযোগ রয়েছে। বৈষম্যহীন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শিক্ষা গ্রহণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠার জন্য তিনি ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!