ঢাবি প্রতিনিধি:
ঢাকা
বিশ্ববিদ্যালয় ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়
প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাফিন আল মাহমুদ খান সিফাত ও অণুজীব
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওয়ারেস মালেক যুগ্মভাবে চ্যাম্পিয়ন এবং গণিত
বিভাগের শিক্ষার্থী ইলিয়াস আহমেদ রানার্স-আপ হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার সকালে
কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার
উদ্বোধন করেন। খেলা শেষে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন
আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ড.
মুহম্মদ শহীদুল্লাহ্ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেনের
সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস্ কমিটির সভাপতি
অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত
পরিচালক এস এম জাকারিয়াসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং আবাসিক শিক্ষক ও
শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১৩টি ইভেন্টে দু’শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এই হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে এবছর বিশ্ববিদ্যালয়ের হলের
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলো। পর্যায়ক্রমে ১৮টি আবাসিক হলের
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও
রানার্স আপদের নিয়ে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম আন্তঃহল
অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা।