মাসুম বিল্লাহ বগুড়া
বগুড়ার শেরপুরে জনসাধারণের চলাচলের রাস্তায় ইটের প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে অন্তত ৫০টি পরিবারের চলাচল ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করে শনিবার (১ আগস্ট) শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এক নারী উদ্যোক্তা।
অভিযোগকারী শাহানাজ খাতুন জানান, উপজেলার খামারকান্দি ইউনিয়নের ফারাজিপাড়া গ্রামে নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে মাশরুম চাষ, জৈব সার উৎপাদন, মাছ চাষ এবং গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করছেন। একই গ্রামের বাসিন্দা আব্দুল গফুরের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে আব্দুল গফুর তাদের বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তা এবং এলাকার প্রায় ৫০টি পরিবারের ব্যবহৃত চলাচলের পথের ওপর ইটের প্রাচীর নির্মাণ শুরু করেন। এতে এলাকাবাসীর চলাচল বন্ধ হয়ে যায় এবং শতাধিক জমির ফসল আনা নেওয়ার করতে তারা চরম ভোগান্তিতে পড়বেন।
অভিযোগে আরও বলা হয়, নির্মাণকাজে বাধা দিতে গেলে আব্দুল গফুর তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন। স্থানীয় লোকজন এগিয়ে এলে তিনি প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। এরপরও রাস্তা বন্ধের কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত মো. আব্দুল গফুর জানান, আমার জমির সিমানায় চলাচলের রাস্তা দিয়ে শুধুমাত্র শাহানাজ চলাচল করতো। আমি বাড়ি নির্মান করবো তাই ইটের প্রাচীর নির্মান করছি।
শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি এস এম মঈনুদ্দিন বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।